সিনিয়র রিপোর্টার: ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এরপর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আসামিরা যাতে দেশ থেকে পালাতে না পারেন, সেইজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, মামলার ১১ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষে কাছে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের গ্রেপ্তারে মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগির আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার বাদী তার মামা আলমগীর কুমকুম।
মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।
রিপোর্টার্স২৪/এমএ/ধ্রুব