রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (২৬ অক্টোবর) ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা।
গত ৯ অক্টোবর আসিফ মাহমুদের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে শেষ না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল ১৬ অক্টোবর অবশিষ্ট জবানবন্দির দিন ধার্য করে।
১৯ নম্বর সাক্ষী হিসেবে তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত ঘটনাবলি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতা বিস্তারিতভাবে তুলে ধরেন।
আসিফ মাহমুদ আরও বলেন, ডিবি পরিচয়ে রাতের আঁধারে তাকে গুমের চেষ্টা করা হয়। তিনি তার সাক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের দায়ী করেন।
এ মামলার গ্রেপ্তার চার আসামি হলেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চানখারপুল হত্যাকাণ্ড মামলায় পলাতক চারজনসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে বহু হতাহতের পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
রিপোর্টার্স২৪/ঝুম