রিপোর্টার্স ২৪ডেস্ক: মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে রাজধানীর ফার্মগেটে এক পথচারী মারা গেছেন। এই দুর্ঘটনা ঘটে রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। এ ঘটনার পর থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তেঁজগাও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান বলেন, আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।
একাধিক স্টেশনমাস্টার নিশ্চিত করেছেন দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে । স্টেশনগুলোতে অবস্থানরত যাত্রীদের বাইরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সেদিন আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। বিস্তারিত আসছে……
রিপোর্টার্স২৪/এসসি