রিপোর্টার্স২৪ ডেস্ক : স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত। পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে। তবে স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো সেই পরিবেশ তৈরি হয়নি।’
সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় আশ্বাস দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবে। দ্রুত এর বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আগত চিকিৎসক ও বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যানসারে। দেশে বছরে ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন যার মধ্যে পঞ্চাশ শতাংশই মারা যান। তাই এর প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা।
এদিকে দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব স্তন ক্যানসার। এছাড়া দেশেই স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা হয় বলেও জানান চিকিৎসকরা।
রিপোর্টার্স২৪/আরকে