| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার মান ‘অস্বাস্থ্যকর’ পঞ্চম স্থানে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৬:২৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৪২৭৩৩ বার পঠিত
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার মান ‘অস্বাস্থ্যকর’ পঞ্চম স্থানে
ছবির ক্যাপশন: বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার মান ‘অস্বাস্থ্যকর’ পঞ্চম স্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এদিন বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম স্থানে, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার, মঙ্গলবার সকাল ১১টার তথ্য অনুযায়ী।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৪ গুণ বেশি রয়েছে। 

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭৭) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে গোড়ান (১৬৫), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬৩), দক্ষিণ পল্লবী (১৬৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৩), কল্যাণপুর (১৫৬), শান্তা ফোরাম (১৫৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫২) এলাকা।

এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৭৯)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৭০)। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচী (১৭৩) ও চীনের উহান (১৬৩)। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪