রিপোর্টার্স২৪ ডেস্ক: মাদক আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মারাত্মক সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে খেলাধুলা। এ মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং জীবনে নেতৃত্ব, শৃঙ্খলা, অধ্যবসায় এবং সহনশীলতা শিখায়। তরুণ সমাজকে সুস্থ পথে এগিয়ে নিতে হলে খেলার মাঠ ও অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবলের প্রসঙ্গ টেনে বশিরউদ্দীন বলেন, আমাদের দেশে এটি নতুন হলেও আমরা নতুন খেলাকে গ্রহণ করতে পারি। বেসবলও একসময় জনপ্রিয় হয়ে উঠবে। পরিবারকে একত্রিত করে আবেগে যুক্ত করে এই খেলা—হলিউড সিনেমার সেই দৃশ্য আমরাও বাস্তবে দেখতে চাই।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, খেলাধুলা হতে পারে যুবসমাজকে আলোর পথে ফেরানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।
১২ দলের অংশগ্রহণে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর।
রিপোর্টার্স২৪/ঝুম