| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের পোশাক পরিবর্তন কার্যক্রম শুরু—রঙ নিয়ে তীব্র প্রতিক্রিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৩:৩৯:১৮:পূর্বাহ্ন  |  ১২৯৭৮১২ বার পঠিত
পুলিশের পোশাক পরিবর্তন কার্যক্রম শুরু—রঙ নিয়ে তীব্র প্রতিক্রিয়া
ছবির ক্যাপশন: পুলিশের পোশাক পরিবর্তন কার্যক্রম শুরু—রঙ নিয়ে তীব্র প্রতিক্রিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : শিগগিরই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবেন নতুন রঙের নতুন ইউনিফর্ম। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে ইউনিটগুলোকে রাজারবাগ কেন্দ্রীয় পোশাক ভান্ডার থেকে নতুন পোশাকসামগ্রী গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে নতুন রঙ নিয়ে বাহিনীভুক্ত সদস্যদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, পুলিশের ইউনিফর্মে এই রঙ রুচির দুর্ভিক্ষের প্রতিফলন। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কার দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় পুলিশ, র‌্যাব এবং আনসারের পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, পুলিশের ইউনিফর্ম হবে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

২৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (লজিস্টিক) সারোওয়ার জাহান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, নতুন পোশাক ও সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বরের মধ্যে সরকারি যানবাহনে এসব সামগ্রী সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কাপড় সংগ্রহের পর নির্ধারিত স্থানে পোশাক তৈরির কাজও দ্রুত সম্পন্ন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটনসহ বিভিন্ন জেলার বেশ কয়েকজন কর্মকর্তা ও কনস্টেবলের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই নতুন রঙকে ‘অরুচিকর’এবং ‘বেমানান’ হিসেবে দেখছেন। নরসিংদীর এক কর্মকর্তার মন্তব্য, ‘এই রং একদমই রুচির দুর্ভিক্ষ। মতামত নিলে বেশিরভাগ কর্মকর্তা সমর্থন দিতেন না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, থানার কেউই এই রঙের প্রশংসা করেনি।

রাজারবাগের একজন কর্মকর্তা জানান, পুরো রাজারবাগে ১০ জনও খুঁজে পাওয়া যাবে না, যারা এই রং পছন্দ করেছে। ঢাকা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তার মন্তব্য, ‘এই রঙে আমরা বেসরকারি নিরাপত্তাকর্মীদের মতো দেখাচ্ছি।

চলতি বছরের ২০ জানুয়ারি সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জনআন্দোলনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সদর দপ্তর উন্নত বিশ্বের ১০–১৫টি দেশের ইউনিফর্ম পর্যালোচনা করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল করে এবং গোপন ভোটে পাঁচটি রং চূড়ান্ত হয়।

নতুন পোশাকের পাশাপাশি পুলিশের লোগোতেও পরিবর্তন এসেছে—নৌকার পরিবর্তে থাকবে শাপলা, ধান ও গমের শীষ। ৩০ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানান, মেট্রোপলিটন ও জেলা পুলিশে এক রঙের ইউনিফর্ম কার্যকর করা হবে। আগামী ১৫ নভেম্বর থেকে ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক চালু হতে পারে।

এদিকে র‌্যাবের নতুন ইউনিফর্ম বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। আর আনসার বাহিনীর পোশাক এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪