রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো শক্তি নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে, এটি স্বাভাবিক। তবে আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। দেশের জন্য যা উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। যেকোনো সিদ্ধান্ত হোক না কেন—জাতীয় নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে।”
গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গণভোট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি জানান, ১৩ নভেম্বর আদালত এ মামলার বিচারকার্য শুরু হওয়ার তারিখ ঘোষণা করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। তরুণদের জ্ঞান ও মেধা বিকাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম