| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় গাড়িচাপায় পথচারী নিহত, চালককে গণপিটুনি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৩:৪৭:১৯:অপরাহ্ন  |  ১৩০২৯৬৯ বার পঠিত
উত্তরায় গাড়িচাপায় পথচারী নিহত, চালককে গণপিটুনি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে। 

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে পথচারী মান্নানের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িচালক কামারপাড়া এলাকায় পথচারী মান্নানকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।পরে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকায় এবং ভাঙচুর করে। এসময় আশ্রয় নেওয়ার জন্য চালক একটি বাড়ির ভেতরে  ঢোকেন। বিক্ষুব্ধ জনতা ওই বাড়িটি ভাঙচুরসহ চালককে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে।

অপরদিকে গুরুতর আহত পথচারী মান্নানকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে (১৭) আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, “চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালান। দুপুরে বাবা বাসায় খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়েন। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারায়।”

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪