রিপোর্টার্স ২৪ডেস্ক: শেখ হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে শুক্রবার (৩১ অক্টোবর) অপরাধ তদন্ত বিভাগ আমার দেশ ও ডেইলি স্টার পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল।’
গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রিপোর্টার্স২৪/এসসি