রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানী ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন, সঙ্গে বইতে পারে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিকের হালকা বাতাস। ফলে কমতে পারে দিনের তাপমাত্রা, গরমও উপশম হবে কিছুটা। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৬টা ৫ মিনিটে সূর্যোদয় হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেটের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম