রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৩২তম স্থানে রয়েছে ঢাকা। শনিবার (১ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের প্রধান প্রধান শহরগুলো। এর মধ্যে পাকিস্তানের লাহোরের অবস্থা দুর্যোগপূর্ণ।
৩৮২ একিউআই স্কোর নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৩২, খুব অস্বাস্থ্যকর)। তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই (১৯৫, সবার জন্য অস্বাস্থ্যকর)। চতুর্থ স্থানে রয়েছে চীনের উহান (১৫৮, সবার জন্য অস্বাস্থ্যকর) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি (১৫৮, সবার জন্য অস্বাস্থ্যকর)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০ এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম