রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আগামীকাল রোবার (নভেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া এই অঞ্চলের অনেক স্থানে, এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা কমাবে। পর্যটক ও কৃষি সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ লঘুচাপের প্রভাবের কারণে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম