রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ‘একান্ত প্রয়োজন’ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, ''বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিপত্র এবং অর্থ বিভাগের ৮ জুলাই, ২০২৫ তারিখের ৭ নং স্মারকে বিদেশ ভ্রমণ সীমিতকরণসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থি।’
এমতাবস্থায়, এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে।
এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করাসহ কয়েকটি বিষয় নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়।
রিপোর্টার্স২৪/আয়েশা