| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাকির নায়েককে নিয়ে ভারতের বার্তা, ধর্ম উপদেষ্টার পরিস্কার জবাব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৮:৫১:২০:পূর্বাহ্ন  |  ১৩২৫৯২৬ বার পঠিত
জাকির নায়েককে নিয়ে ভারতের বার্তা, ধর্ম উপদেষ্টার পরিস্কার জবাব

রিপোর্টার্স২৪ ডেস্ক : চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা রয়েছে বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের। তবে তার এই সফর নিয়ে ভারতের তীব্র আপত্তি রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সতর্ক করেছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ও ২৯ নভেম্বর আগারগাঁও এলাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন জাকির নায়েক। অনুষ্ঠানটির আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।

এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তিনি স্পষ্ট করেছেন— এ বিষয়টি তার এখতিয়ারে নয়।

ড. খালিদ হোসেন বলেন, “জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদের বলেছি, এটা আমার বিষয় নয়। বিদেশি কোনো অতিথি দেশে আসলে সেটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে কোনো এখতিয়ার রাখি না।”

তিনি আরও বলেন, “আমার সম্মতি বা অসম্মতি বড় কথা নয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমতি দেন, তাহলেই তিনি আসতে পারবেন।”

এর আগে, গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।”

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য সম্পর্কে বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি, কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

২০১৬ সালের আগে পর্যন্ত ভারতে অবস্থান করতেন ডা. জাকির নায়েক। ‘ঘৃণামূলক বক্তব্য’ ও ‘অর্থপাচার’-এর অভিযোগে মোদি সরকার তার বিরুদ্ধে একাধিক মামলা করে এবং তার টেলিভিশন চ্যানেল পিস টিভি বন্ধ করে দেয়। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

ভারতের মতোই ২০১৬ সালে বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। কারণ, ঢাকার হলি আর্টিজান হামলার পর খবর আসে— অন্তত দু’জন হামলাকারী জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে আবারও ঢাকায় আসতে যাচ্ছেন তিনি।

এদিকে ভারত আশা করছে, জাকির নায়েক ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪