রিপোর্টার্স ২৪ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংসদ নির্বাচনের আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের নতুন বই পৌঁছে যাবে।
উপদেষ্টা রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, নতুন বই ছাপা হয়ে এরই মধ্যে গুদামে আসতে শুরু করেছে। আশা করছি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে। উপদেষ্টা আরো বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
মত বিনিময় সভা শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
রিপোর্টার্স ২৪/জয়