সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে। আমাদের বিশ্বাস, ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
রোববার (২ নভেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। এই দুই দল নিজেদের অবস্থান থেকে সরে আসলে জোটের চিন্তা করবে এনসিপি।
তিনি অভিযোগ করেন, বড় দলগুলো ছোট দলগুলোকে নিজস্ব প্রতীকের অধীনে কুক্ষিগত করে বাংলাদেশে একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, নির্বাচন কমিশন তো ইঞ্জিনিয়ারিং কমিশন। নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ দেখেছে দেশের মানুষ।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসীরুদ্দীন আরও বলেন, সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন দলের সঙ্গে গোপনে প্রেম করলে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। এ বিষয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এসময় ইসি সচিব সচিব আখতার আহমেদ ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব