রিপোর্টার্স ২৪ ডেস্ক: পরিবেশ, বন,জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলনবিলের সঙ্গে কৃষি কাজ এবং মানুষের জীবন-জীবিকা জড়িত। এ বিলের জন্য একটি কার্যকর পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহিষ্ণু এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে। যাতে বিলে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়নে পরস্পরকে সহায়তা করে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে ‘চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে হাওর ও জলবায়ু উন্নয়ন’ অধিদপ্তরের আয়োজনে চলনবিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে দেওয়া বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, চলনবিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং আবেগ জড়িত। ক্ষতিকর স্থাপনা চিহ্নিত এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার যায়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।
রিপোর্টার্স ২৪/ জয়