স্টাফ রিপোর্টার:
বর্তমান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজ থেকেই দায়িত্ব পালন করা থেকে অপারগতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি।
জসীম উদ্দিনকে অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অপসারণের কোনও বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। উনি চাকরি ছেড়ে যাবেন কেন? উনি তো চাকরিতে আছেন। এখন দায়িত্ব পরিবর্তন হবে।’
পররাষ্ট্র সচিবের পদ থেকে সরে যাচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ঠিক আসলে ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং তেমন কিছু হবে।’
নতুন পররাষ্ট্র সচিব কে হচ্ছেন এ প্রশ্নে তিনি ‘দু-একদিনের মধ্যে জানতে পারবেন’ বলেন। তবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে নতুন সচিবের দায়িত্ব পাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন কর্মকর্তা জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন।
এর আগে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্বে কাকে দেওয়া যেতে পারে, তা নিয়ে দুই সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। সরকার সিদ্ধান্ত না বদলালে দুএক দিনের মধ্যে পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
রিপোর্টার্স২৪/ধ্রুব