রিপোর্টার্স২৪ ডেস্ক: সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ।
প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে।
এদিকে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে ব্রিফিং কে করবেন সে সম্পর্কে কিছু জানায়নি প্রেস উইং।
এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন,গণভোট নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন।
রিপোর্টার্স২৪/এসসি