রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসছে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে। এই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি এ বৈঠকেই জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। পরে সংবাদ সম্মেলনে সে সিদ্ধান্তের কথা জানানো হতে পারে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রবিবার রাতে জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং করবে সরকার। তবে ব্রিফিং কে করবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বা অন্য যেকোনো প্রয়োজনে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আয়োজিত হয়ে আসছে। এবারই প্রথম এই ব্রিফিং আয়োজন করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে।
রিপোর্টার্স২৪/এসএন