| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট দিতে পারবে জেলে থাকা আসামিরাও: সিইসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৬:৫৮:৩৪:পূর্বাহ্ন  |  ১৩০১৫৫১ বার পঠিত
ভোট দিতে পারবে জেলে থাকা আসামিরাও: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে বড় উদ্যোগ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার শুধুমাত্র সাধারণ ভোটার নয়, বরং কারাগারে থাকা আসামি থেকে শুরু করে নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তথ্য জানান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে।

সিইসি বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় ১০ লাখ লোক মাঠে কাজ করবেন। অতীতে যারা ভোটের দায়িত্বে থাকতেন তারা নিজেরাই ভোট দিতে পারতেন না। এবার আমরা সেটি পরিবর্তন করছি। কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। এ প্রসঙ্গে তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। ওই অ্যাপে নিবন্ধন করলে ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।

কারাগারে থাকা ভোটারদের বিষয়ে সিইসি বলেন, যারা আইনি হেফাজতে আছেন, তারাও তো বাংলাদেশি নাগরিক। সুতরাং তাদের ভোটাধিকারও অক্ষুণ্ণ রাখা হবে। তাদের জন্যও ভোট প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এই দায়িত্বকে আমি চাকরি হিসেবে দেখি না। এটাকে আমি একটি মিশন, একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে—সেটি আজ নির্ধারিত হচ্ছে। তাই প্রচলিত পদ্ধতিতে কাজ করলে চলবে না; প্রয়োজনে নতুন পথ তৈরি করতে হবে।

ভোট নিরাপত্তায় আনসার বাহিনীর ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোটকেন্দ্রে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা। গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রা নির্ভর করছে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর। সেখানে আনসার বাহিনীর সদস্যরা মুখ্য ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪