রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ডিজি মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এবারের নির্বাচনে আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করবে। এতে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকবে, যা নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর এবং স্বচ্ছ করবে।
আজ সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্র নিরাপত্তা মহড়া এবং চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এই কথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা পালন করবে।
ডিজি বলেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে।
তিনি জানান, সাধারণত নির্বাচনের প্রতিটি কেন্দ্রের জন্য অস্ত্রধারী ও অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। এই বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করবে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করবে।
রিপোর্টার্স২৪/ঝুম