রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক (৩) অনুযায়ী মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি এই পদে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার বর্তমান দায়িত্বও চালিয়ে যাবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
এর আগে, গত ২৯ অক্টোবর ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তাকে অপসারণের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রিপোর্টার্স২৪/আরকে