রিপোর্টার্স২৪ ডেস্ক : একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের তিনজন (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন। একই সময়ে ১ হাজার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ১০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭২ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
রিপোর্টার্স২৪/ঝুম