রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠকে জানানো হয়েছে, সেনাসদস্যদের বিশ্রাম নিশ্চিত করা এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিচালনার জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে। সিদ্ধান্তটি আগামী বুধবার থেকে কার্যকর হবে। পরবর্তী পর্যায়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তারা পুনরায় দায়িত্বে পাঠানো হবে। বাকিদেরও ধাপে ধাপে মাঠে ফিরিয়ে আনা হবে। সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সদস্যরা মাঠে অবস্থান করায় বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে।
তবে সূত্রটি জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম