রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের সফলতা নির্ভর করছে সবচেয়ে বেশি জনগণের ওপর—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ বা কোনো কিছুই তার সুষ্ঠু ও অবাধভাবে ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে পারবে না।
বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে, তাদেরও দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। পাশাপাশি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন একসাথে কাজ করলে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর হবে। এর জন্য সকল বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নির্বাচনের সময় গুজব ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, সেই পরিস্থিতিতেও মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায়। তাই সত্য ঘটনাটি সাংবাদিকরা জনগণের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
রিপোর্টার্স২৪/ঝুম