সিনিয়র রিপোর্টার: সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
৯৯৯ নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চাওয়ার কোন সুযোগ নেই। ৯৯৯ নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে। বুধবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরণের দুটি ঘটনা ঘটেছে বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায়। রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানার আরপুর বাগানপাড়া নিবাসী জনৈক ব্যক্তিকে প্রতারকচক্র ৯৯৯ নম্বর ক্লোন করে ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিল। উক্ত সচেতন ব্যক্তি বিষয়টি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে জানান। এরপর ৯৯৯-এর পক্ষ থেকে কাশিয়াডাঙ্গা থানার সাথে ভুক্তভোগীর যোগাযোগ করিয়ে দেয়া হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে বিষয়টি সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করা হয়।
অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তিকে ৯৯৯ নম্বর ক্লোন করে তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানিয়ে টাকা দাবি করা হয় এবং বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়।
মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নম্বর কোনো অবস্থায় কারো সাথে শেয়ার করবেন না। এ ধরণের প্রতারকচক্র থেকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নম্বরে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।