সিনিয়র রিপোর্টার: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনো বাধা নেই ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, ততক্ষণ আমি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। যদি সরকারের কোনো কাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তবে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।
মানুষ মনে করেন অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন,সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষের। এমনকি অ্যাটর্নি জেনারেল যদি মনে করেন কোনো ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ সমর্থনযোগ্য না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেটার বিরোধিতা করা। সেটাই হলো আইন।
রিপোর্টার্স২৪/এসসি