রিপোর্টার্স২৪ ডেস্ক: তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানী ঢাকা ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত পাইপলাইন সংস্কারের কাজ চলবে। এ সময় উল্লিখিত এলাকায় গৃহস্থালি, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
গ্যাস না থাকার এই ২২ ঘণ্টার মধ্যে যেসব এলাকায় সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকা।
তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন সংস্কার কাজ দ্রুত শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংস্থাটি গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম