রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন এবং মৃত্যুর আগে ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতের দিকে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা সম্পন্ন হয় এবং বনানী কবরস্থানে দাফন করা হয়।
দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ হারান।
আবুল হাসান মাহমুদ আলী ছিলেন দীর্ঘকাল ধরে দেশের অর্থনীতি ও কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন প্রভাবশালী রাজনীতিবিদ।
রিপোর্টার্স২৪/ঝুম