কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল হালিম কুমিল্লা সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সদর দক্ষিণ উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর কচুয়া চৌমুহনী সংলগ্ন নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. খোরশেদ আলম এবং ২৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
রিপোর্টার্স২৪/আয়েশা