| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:০৬:৩৬:পূর্বাহ্ন  |  ১৩০৭৬৭১ বার পঠিত
শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করছিলাম। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে আহত হন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির বাস্তবায়নে শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।


শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি এবং কর্মরত শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এ সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা সন্তুষ্ট নন, তাই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪