| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থপাচারের মামলায় সালমানদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৫৭:০৪:পূর্বাহ্ন  |  ১২৬৭১৪৯ বার পঠিত
অর্থপাচারের মামলায় সালমানদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান রোববার (৯ নভেম্বর) জানিয়েছেন, দ্রুততম সময়ে এসব অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি। মামলায় সালমানের ভাই সোহাইল এফ রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানকেও আসামি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১-২০২৪ সালের মধ্যে বেক্সিমকোর ১৭টি প্রতিষ্ঠান ৯৩টি এলসি বা ঋণপত্রের মাধ্যমে পণ্য রপ্তানি করেছে। নির্ধারিত সময় পার হলেও প্রায় ৮৩ মিলিয়ন ডলার দেশে না আসায় পাচারের প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি।

তদন্তে জানা গেছে, পণ্যের বেশিরভাগ রপ্তানি হয়েছে সালমানপুত্র ও সোহাইলপুত্রের যৌথ মালিকানাধীন আরআর গ্লোবাল ট্রেডিংয়ের ঠিকানায় শারজাহ ও সৌদি আরবে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কাতেও পণ্যের আড়ালে অর্থপাচারের তথ্য রয়েছে।

সিআইডি আদালতের অনুমতি নিয়ে সালমান ও পরিবারের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে। সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন, তবে তার ছেলে, ভাই ও ভাইয়ের ছেলে বিদেশে অবস্থান করছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪