রিপোর্টার্স২৪ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি পৃথক মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
গত মে মাসে একই হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। মামলার ঘটনা অনুযায়ী, গত বছরের ২০ জুলাই আদমজী এলাকায় আন্দোলনের সময় মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক মেয়র আইভীসহ ১৩২ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী।
গত ৯ মে আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠান।
রিপোর্টার্স২৪/আরকে