রিপোর্টার্স ২৪ ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। দাম স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আমরা পেঁয়াজ আমদানির অনুমতি দেবো না।
রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অনেকেই পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন। আমাদের কাছে বর্তমানে ২ হাজার ৮০০’র মতো পেঁয়াজ আমদানির আবেদন আছে।
উপদেষ্টা বলেন, আমরা গত এক সপ্তাহ থেকে ১০ দিন ধরে দেখছি পেঁয়াজের মূল্যের একটা ঊর্ধ্বগতি হয়েছে। দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজের কোনও সংকট নেই। কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করতে ১০ হাজার হাই ফ্লো মেশিন বিতরণ করেছে। ফলে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে।
উপদেষ্টা আরও বলেন, আমাদের কাছে যে পেঁয়াজ আমদানির আবেদন আছে, এর ১০ শতাংশ যদি আমরা ছেড়ে দেই, তাহলে পেঁয়াজের স্বাভাবিকভাবে বাজারে ধস নামবে। আমরা ধস নামাতে চাই না। আমরা চাই একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। এতে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো। কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একইভাবে ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
রিপোর্টার্স২৪/এসসি