স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ চাল আমদানিতে মোট ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ‘প্যাকেজ-৩’ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
চাল সরবরাহ করবে ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, যার কাছ থেকে প্রতি টন চালের দাম নির্ধারিত হয়েছে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।
এর আগে গত ৭ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘প্যাকেজ-০১’ এর আওতায় ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে একই পরিমাণ নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়, যার ব্যয় নির্ধারিত হয় ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই গম সরবরাহ করবে ইউএস গম অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা, প্রতি টনের দাম পড়বে ৩০৮ মার্কিন ডলার।
রিপোর্টার্স২৪/ধ্রুব