রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় মো. সাব্বির আহমেদ (২৮) নামে এক ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহত সাব্বিরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। পিতা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিং এলাকার একটি ব্যাচেলর বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। সোমবার (১০ নভেম্বর) থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে সহপাঠীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পান।
খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করে।
নিহত সাব্বিরের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসেছি। কয়েকদিন আগেই তার সঙ্গে কথা হয়েছিল। সাব্বির মোহাম্মদপুরে একা থাকতো, পড়াশোনা শেষে হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়েছিল, কিছুদিন চাকরিও করেছে।”
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে হাত বাঁধা ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মৃত্যুর খবরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে হাসপাতালে ছুটে এসে সহযোদ্ধাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
রিপোর্টার্স২৪/ঝুম