চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেননি। রাতের বেলা পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা কয়েকজন আকাশকে মারধর করে। একপর্যায় ছুরিকাঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় জখম করা হয়। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় যুবক বলে জানিয়েছে পরিবার।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
রিপোর্টার্স২৪/আয়েশা