রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) উদ্বোধন করা হবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় আমরা প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক প্রশিক্ষণ রোববার বিকাল ৩টায় জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
এদিকে তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও গত ৯ নভেম্বর সাংবাদিকদের অ্যাপ উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে