| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:৩০:০১:অপরাহ্ন  |  ১২৪৫৫৪৭ বার পঠিত
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বিচারকদের বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট জমা দেন। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। রিটে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রাজশাহীতে বিচারকের পরিবারে হামলার ঘটনার পর এই রিট দায়ের করা হয়। ১৩ নভেম্বর রাজশাহীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে গাইবান্ধার ফুলছড়ির লিমন মিয়া। তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) আহত করেন। ধস্তাধস্তির সময় হামলাকারী লিমনও আহত হন।

ঘটনার পর ১৪ নভেম্বর বিচারক আব্দুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহীর এই ঘটনার পর বিচারকদের নিরাপত্তায় অবহেলা এবং আসামিকে মিডিয়ার সামনে উপস্থাপন করে ‘অপেশাদার আচরণের’ অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর থেকে কলম বিরতির ঘোষণা দেয় সংগঠনটি।

পরে ১৫ নভেম্বর বিচারকদের বাসস্থান ও যাতায়াতের পথে নিরাপত্তা বাহিনী বাড়ানোর আশ্বাস পাওয়ায় কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে রবিবার (১৬ নভেম্বর) সারা দেশে বিচারকরা কালোব্যাজ ধারণ এবং দোয়া মাহফিল করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪