| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ করে সুপ্রিম কোর্টের চিঠি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৪:২৫:২৭:অপরাহ্ন  |  ১২৪১৬৪৩ বার পঠিত
ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ করে  সুপ্রিম কোর্টের চিঠি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সোমবার (১৭ নভেম্বর) চব্বিশের জুলাই গণহত্যার ঘটনাসংশ্লিষ্ট মামলার রায় ঘোষণা করবে। মামলার গুরুত্ব বিবেচনায় রায়টি সরাসরি প্রচার করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রদর্শনের আয়োজন করা হবে।

সূত্র জানায়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ঘিরে এ রায় নিয়ে জাতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ রয়েছে।

গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় ঘোষণার তারিখ ঠিক করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটির প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা। 

২৩ অক্টোবর সমাপনী বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বিভিন্ন দেশের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ার উদাহরণ উল্লেখ করেন এবং দুই আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন।

আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে উভয় পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করে। শুনানির সব ধাপ সম্পন্ন হওয়ায় মামলা দ্রুত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে দেশ।

মামলার তিন আসামির বিরুদ্ধে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাকাণ্ড এবং লাশ পোড়ানোর অভিযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়। মামলার অভিযোগপত্র, দলিল, জব্দতালিকাসহ মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার দালিলিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।

রায় ঘিরে যেন কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণেই ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪