রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ট্রাইব্যুনাল বসবে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার অফিস।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বিটিভির সিগন্যাল থেকে অন্যান্য টেলিভিশন চ্যানেল ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও রায়টি সরাসরি সম্প্রচার করতে পারবে। একই সঙ্গে রাজধানীর কয়েকটি স্থানে বড় পর্দায় রায় দেখানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার তিন আসামি হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পাঁচটি অভিযোগে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের খালাস চেয়েছেন। রাজসাক্ষী আল-মামুনের খালাসও চেয়েছেন তাঁর আইনজীবী।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের বাবা, স্বজনহারা কয়েকটি পরিবার, জুলাই আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ মোট ৫৪ জন সাক্ষী।
গত ১০ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। এর মধ্যে একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার, তাদের সহযোগী বাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল এমন অভিযোগ ট্রাইব্যুনালে একের পর এক জমা পড়ে। সেই অভিযোগে গঠিত দুইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান আছে।
রিপোর্টার্স২৪/এসসি