রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান স্বীকার করেছেন।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।
রিপোর্টার্স২৪/এসসি