রিপোর্টার্স২৪ ডেস্ক: মেয়াদোত্তীর্ণ অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ বা অ্যাডহক কমিটির স্থলে বেসরকারি স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) বা তাদের প্রতিনিধিরা। শনিবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা আদেশে বলা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে অন্তর্বর্তীভাবে ইউএনও ও ডিসি পর্যায়ের কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বাতিল হিসেবে গণ্য হবে। সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়ে গত ৮ সেপ্টেম্বর পরিপত্র জারি করা হয়েছিল, যা পরে ৩০ অক্টোবর তিন মাসের জন্য স্থগিত করা হয়।
এর আগে ৩১ আগস্ট সরকার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা সংশোধন করে নতুন যোগ্যতার শর্ত নির্ধারণ করে। সংশোধন অনুযায়ী, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।
এছাড়া প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের অধ্যাপক-সহযোগী অধ্যাপক, প্রতিষ্ঠাতা সদস্য এবং চার বছর মেয়াদি কারিগরি ডিগ্রিধারী নবম গ্রেডের নিচে নয় এমন কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডে নাম পাঠানোর বিধানও যুক্ত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি