| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৫:৪৩:৫৫:পূর্বাহ্ন  |  ১২৩৮১৯৪ বার পঠিত
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আজ (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ ঘোষণা করা হবে ।ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল  এ রায়  ঘোষণা করবেন।

সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় দেখা যায়, পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। 

রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট; চলছে তল্লাশি ও নজরদারি।

রাজধানীর শাহবাগ, মগবাজার, মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীকে টহল ও তল্লাশি করতে দেখা গেছে। সুপ্রিম কোর্ট এলাকাসহ ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব।

যদিও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি তুলনামূলক কম, তবুও রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ছিল। গণপরিবহন ও মেট্রোরেল যথারীতি চলছে।

এদিকে, রায় ঘোষণার অনুষ্ঠান আজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রয়টার্স ও ট্রাইব্যুনালের নিজস্ব ফেসবুক পেজেও লাইভ দেখানো হবে। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে।

গতকাল রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চেকপোস্ট বাড়িয়েছে ডিএমপি। ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন রয়েছে।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় ব্যাপক সহিংসতার ঘটনার প্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়। গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।

রায় ঘোষণার কার্যক্রম আজ সকাল ১১টার দিকে শুরু হতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪