রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঘোষিত মৃত্যুদণ্ডের রায় বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জানিয়েছে। প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে ভারত অবহিত হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।
এর আগে গত বছর জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারতে অবস্থান থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে বন্ধুত্বপূর্ণ আচরণের পরিপন্থী এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা। আমরা ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানাই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তর করা ভারতের জন্য ‘অবশ্যপালনীয় দায়িত্ব’।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার এর আগেও তাকে হস্তান্তরের অনুরোধ জানালেও ভারত এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
রিপোর্টার্স২৪/এসসি