সিনিয়র রিপোর্টার: রাজধানীতে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক এক জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সন্ধ্যায় বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। এসময় তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
এদিকে, গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পল্লবী এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে এবং এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম বলেন, কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।