রিপোর্টার্স২৪ ডেস্ক: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে ইউনিসেফের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় ব্যয় ধরা হয়েছে ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইপিআই কর্মসূচিতে ব্যবহারের ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগ উপস্থাপন করলে উপদেষ্টা পরিষদ তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগতভাবে সিদ্ধান্ত দেয় যে, ইপিআই ভ্যাকসিনের ৫০ শতাংশ সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।
সেই সিদ্ধান্তের ভিত্তিতে ইউনিসেফের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয়। প্রক্রিয়াগত যাচাই-বাছাই ও দর-আলোচনার পর পিইসি ইউনিসেফের প্রস্তাবই গ্রহণযোগ্য বলে সুপারিশ করে। ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি