| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালন্দে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে বাংলা মদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১১:১৯:৪০:পূর্বাহ্ন  |  ১২৫২০৬০ বার পঠিত
গোয়ালন্দে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে বাংলা মদ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে নিত্যপণ্যের মতো সবার কাছেই অবাধে মদ বিক্রি হচ্ছে। অভিযোগ উঠেছে প্রতিদিন ভোর থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন নানা বয়সী ক্রেতা। যাদের বেশিরভাগেরই নেই মদ ক্রয়ের অনুমোদন। 

মাঝেমধ্যেই র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মদ বহনকারীরা ধরা পড়লেও প্রকৃত ব্যবসায়ী ও পাচারকারীরা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকায় সরকার অনুমোদিত রনজিৎ সরকার ও শুকুমার সরকারের দেশি মদের দোকানের সাইনবোর্ডে টিটু সরকার নামে একজন ব্যক্তি ও তার ম্যানেজার গোপাল পারমিটবিহীন সাধারণ ক্রেতাদের কাছেও মদ বিক্রি করছেন।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত প্লাস্টিকের বোতল, ডোপ অথবা বস্তায় ভরা পাত্র হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। দৃশ্যটি যেন কোনো নিত্যপণ্যের দোকানের মতো। 

স্থানীয়দের অভিযোগ, এসব মদ কিনে নেশাখোর এবং যৌনপল্লীর পাইকারি-খুচরা বিক্রেতারা দিনের পর দিন বেপরোয়াভাবে ব্যবসা চালাচ্ছে। ফলে এলাকার কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই ছিনতাই, চুরি ও অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছে। তাছাড়া মাতাল অবস্থায় ইজিবাইক, মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় দুই হাজার লিটার মদ পাচার হচ্ছে বলে জানা গেছে। যৌনপল্লীতে প্রতি লিটার মদের দাম এখন ৫০০ টাকা। এছাড়া ইনটেক্ট কট মদের বোতল ১৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ অন্যান্য জেলায় এর দাম ১২০০ টাকার নিচে। এখানে ৫০টিরও বেশি দোকানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে দেশি মদের দোকানের ম্যানেজার গোপালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে বা পারমিটবিহীন কারও কাছে মদ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) আবু বক্কার সিদ্দিক  বলেন, গোয়ালন্দে ৩০০ জনের মদ সেবনের পারমিট রয়েছে। পারমিটধারী ছাড়া অন্য কারও কাছে মদ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে মদের দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত লাইসেন্সের আড়ালে পরিচালিত এই অবৈধ মদ ব্যবসা বন্ধ না করলে গোয়ালন্দের যুবসমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪